চট্টগ্রামের নিউ চান্দগাঁওয়ে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে, কোন ব্যবস্থা নেই সিডিএর

0

চান্দগাঁও প্রতিনিধিঃ চট্টগ্রামের নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় হাজী মোঃ লোকমান হাকীমের ছয়তলা ভবনটি দীর্ঘদিন আগে থেকেই হেলে পড়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, ভবনটি হেলে পড়া সত্বেও সে পরোয়া না করে তার ভবনটিতে সাধারণ মানুষদের ভাড়া দিয়েছেন। এতে সিডিএ জানতে পেরে ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও তৎসংশোধনী আইন ১৯৮৭ এর ১০(২) ধারা অনুযায়ী ভবনটির নকশা প্রদর্শনের জন্য নোটিশ দেন।
সিডিএর দেয়া নোটিশ সুত্রে জানা যায়, ইমারত নির্মাণ কমিটির নিকট প্রতীয়মান হয়েছে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অন্তর্গত চান্দগাঁও আবাসিক এলাকা (২য় পর্যায়), প্লট নং: ১৯, রোড নং: ০১ এর তপশীলভুক্ত জায়গায় পর্যাপ্ত পরিমান সাইট স্পেস না রেখে একটি ০৬(ছয়) তলা আবাসিক ইমারতের নির্মাণ কাজ করেছেন হাজী মোঃ লোকমান হাকিম। সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক সাইট পরিদর্শন করে তাকে উক্ত ইমারতের অনুমোদিত নকশা দেখানোর জন্য বারংবার তাগাদা প্রদান করলেও নক্শা দেখাতে অপারগতা প্রকাশ করছেন। ইমারত পরিদর্শককে কোন প্রকার সহযোগিতা করেন নি। তাছাড়া, আপনার নির্মিত ভবনটি পশ্চিম দিকে হেলে পড়ে এবং পার্শ্ববর্তী ভবন ও জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে প্রতিয়মান হয়। এমতাবস্থায়, যে কোন সময় দূর্ঘটনা জনিত কারণে জানমাল এর ক্ষয়ক্ষতি হলে তার দায় দায়িত্ব মালিকের উপর বর্তাইবে। নোটিশ প্রাপ্তির দিন হতে ৩(তিন) দিনের মধ্যে উক্ত ইমারতের অনুমতিপত্র ও অনুমোদিত নক্শা নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে দাখিল করবেন। অন্যথায়, ইহা ধরে নেয়া হবে যে, উক্ত ইমারতের কোন অনুমোদিত নক্শা নেই। ফলে অননুমোদিতভাবে ইমারত নির্মাণের কারণে তার বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও তৎপরবর্তী সংশোধনী আইন ১৯৮৭ অনুযায়ী চউক প্রয়োজনীয় কাৰ্য্যব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ভবনটির সকল ধরনের ব্যবহার বন্ধ রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।
জানা যায়, এই নোটিশ দেয়ার তিন দিন অতিক্রম হয়ে মাস পেরুলেও ইমারত নির্মান কমিটি কোন ব্যবস্থা গ্রহন করেন নি। কেন ব্যবস্থা নেয়া হচ্ছেনা এ বিষয়ে চান্দগাঁও ইমারত পরিদর্শক স্বপন বাবুকে প্রশ্ন করা হলে তিনি কোন সদত্তর দিতে পারেননি।

অথোরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ইমারত নির্মান কমিটির চেয়ারম্যান এ জি এম সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি পরিদর্শকের কাছে নোটিশের অগ্রগতি জেনে ব্যবস্থা নিবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.