লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

0

চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার বাংলাদেশ সময় পৌনে দুপুর ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।
লন্ডন প্রতিনিধি জানান, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য বিমানবন্দরে আগ থেকেই অপেক্ষায় ছিলেন তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীরা। পরে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে কিংসটন এলাকায় বাসার উদ্দেশে রওনা হন। বাসায় যাওয়ার আগে টার্মিনালে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন খালেদা জিয়া।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন এবং তাঁর চোখ ও পায়ের চিকিৎসা করাবেন বলে দলের নেতারা বলেছেন।

যুক্তরাজ্য সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা আখতার। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকক থেকে যুক্তরাজ্য গেছেন।

২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে খালেদা জিয়া প্রায় দুই মাস ছিলেন। সেখানে তাঁর বড় ছেলে তারেক রহমান, স্ত্রী ডা. জোবাইদা রহমান, তারেকের মেয়ে জাইমা রহমান ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.