বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কোনো মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে। রোববার রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শোনে। আমি তাকে (খালেদা জিয়া) বলতে চাই, আওয়ামী লীগের কোনো মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তারা এখন মামলা প্রত্যাহারের কথা বলছেন। আমাদের একজন এমপি কারাগারে, আমরা ক্ষমতায় তার ছয় মাসের দণ্ড হয়ে গেছে। দুই-তিনজন মন্ত্রী নিয়মিত কোর্টে হাজিরা দিচ্ছেন। আমরা তাহলে তাদের মামলা প্রত্যাহার করতে বলবো না? মামলা প্রত্যাহারের সঙ্গে নির্বাচনের পরিবেশের সম্পর্ক নেই।
কাদের বলেন, আবদার আমরাও করবো না, আপনারাও করবেন না। নির্বাচন কমিশন কারও আবদার শুনবে না, তারা সংবিধান অনুযায়ী নির্বাচন দেবেন।