মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রবিবার ভোলা, মৌলভীবাজার, চাঁদপুরসহ কয়েকটি জেলায় বিভিন্ন পীরের অনুসারীরা ঈদ উদযাপন করছেন।
ভোলা: ভোলায় একদিন আগেই জেলার তিন উপজেলার ৭ গ্রামে ঈদ পালিত হচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলার মনিরাম. তজুমদ্দিন উপজেলার ডাইরীতে সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সকালে বৃষ্টির জন্য এ উৎসবে কিছুটা ব্যাঘাত ঘটে। সুরস্বরী মতালম্বী প্রায় ২ হাজার পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ উৎসব করে আসছে।
মৌলভীবাজার: মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ১০টি গ্রামের দেড় শতাধিক মানুষ। শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা বাসার ছাদে রবিবার সকাল সোয়া ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী ও পুরুষ নামাজ আদায় করেন।
গত ৯ বছর ধরে উজাণ্ডি পীর সাহেবের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।
এদিকে আজ রবিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশের বেশির ভাগ মুসলমান ঈদ উদযাপন করবেন সোমবার। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় আজ রবিবার ঈদ উদযাপিত হচ্ছে।
চাঁদপুর: চাঁদপুরের ৪০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার ফরিদগঞ্জের বদরপুর ঈদগাহে সকাল সাড়ে ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মো. রুহুল আমিন। এ ছাড়া জেলা হাজিগঞ্জের সাদ্রা সিনিয়র মাদ্রাসায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ ও হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম এবং জেলার শাহরাস্তি, মতলব উত্তরে আরো কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৯৩২ সালে মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে হাজিগঞ্জের সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (র.) এ অঞ্চলে এভাবে আগাম দুই ঈদ এবং রোজা পালন শুরু করেন। তারপর থেকে তার অনুসারীরা এখন পর্যন্ত রোজা ও ঈদ পালন করে আসছেন।