‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুর ২টায় বিএনপির ডাকা সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ইতোমধ্যে সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই অনানুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দুপুর ২টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা করবেন বেগম খালেদা জিয়া।
এ দিকে সমাবেশকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। রাজধানী ছাড়াও ঢাকার আশপাশের এলাকা ও সারাদেশ থেকেই সমাবেশে অংশ নেবেন দলটির নেতাকর্মীরা।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বিএনপিকে সমাবেশের লিখিত অনুমতি দেয়া হয়। এর আগে অবশ্য মৌখিক অনুমতি পেয়ে গত কয়েকদিন ধরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল জানিয়েছেন, আজকের সমাবেশ ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত হবে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির এই সমাবেশ অনেক গুরুত্বপূর্ণ। প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া নতুন বার্তা দেবেন।