চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাইনা, আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের বিজয় চাই। সকল শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। জুলাই বিপ্লবে এ দেশের যুবকরা বেকার ভাতা চায় নি, তারা মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ চেয়েছিলেন। আমরা যুবক-যুবতীদের বেকার ভাতা দেওয়ার নামে অপমানিত করবো না। শিক্ষা, প্রশিক্ষণ ও যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই শহীদগণ আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ নিজেদের জীবন আমাদের সুন্দর আগামী বির্নিমাণে উৎসর্গ করে গেছেন। আমরা জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের কথা দিচ্ছি- আমরা কখনো তাদের প্রতি বেইমানি করব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু জুলাই কাউকে দেব না।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিক বলেন, ফ্যাসিস্ট আমলে আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর কিছু লোক জালিম হয়ে উঠেছে। তারা রাস্তাঘাট, স্ট্যান্ড, শিল্পকারখানা ও ঘরে ঘরে চাঁদাবাজি শুরু করেছে। ১৩ তারিখ থেকে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ শুরু হবে, সেদিন থেকে চাঁদাবাজির দিন শেষ।
তিনি বলেন, খুন, চাঁদাবাজি, দখলবাজি, মা-বোনদের অপমান সহ নানা অপকর্মে যারা জনবিচ্ছিন্ন- এই মাঘ মাসেও তাদের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করে লাভ হবেনা। দেশের মানুষ তাদের লালকার্ড দেখিয়েছে।
কল্যাণকর রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে দেশবাসির প্রতি আহ্বান জানান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আ ন ম শামসুল ইসলাম, জাফর সাদেক, ব্যারিস্টার হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিস দক্ষিণ জেলা আমির মাওলানা মাহবুবুর রহমান, লেবার পার্টির সভাপতি মজনু মিয়া, রাঙামাটি জেলা আমীর আবদুল আলিম, বান্দরবান জেলা আমীর আবদুস সালাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, লোহাগাড়া উপজেলা আমীর আসাদুল্লাহ ইসলামাবাদীসহ ১১ দলীয় নির্বাচনী জোট নেতৃবৃন্দ।