আসামে ভেজাল মদ খেয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮৪

0

ভারতের আসামে বিষাক্ত দেশি মদপান করে ৯ নারীসহ ৮৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই চা-বাগানকর্মী।
এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুই শতাধিক মানুষ।ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও অনেক কর্মীকে বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সালমারা চা বাগানের শ্রমিকরা মদ খাওয়ার পরপরই চারজন নারীর মৃত্যু হয়। পরবর্তী ১২ ঘণ্টায়, আরও আটজনের মৃত্যু হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ওই বিষাক্ত মদপান করার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

ডেপুটি পুলিশ সুপার পার্থ প্রতীম শৈকিয়া বলেছেন, আমরা ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি এবং আরও অভিযুক্তকে খুঁজছি।

প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগেই বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এই ঘটনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.