জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পরিকল্পনামন্ত্রী ব্যামব্যাঙ ব্রডজনগোরো বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো রাজধানী পরিবর্তনের কথা জানিয়েছেন। খবর বিবিসির।
রাজধানী জাকার্তায় এক কোটির বেশি মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তনের ফলে ডুবে যাওয়ার আশঙ্কা থাকা শীর্ষ শহরগুলোর মধ্যে জাকার্তা অন্যতম। তবে নতুন কোন শহরে রাজধানী সরিয়ে নেয়া হবে তা এখনও জানা যায়নি।
অবশ্য ইন্দোনেশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী হওয়ার দৌড়ে এগিয়ে আছে বরনিও দ্বীপের পালাংকারায়া। শহরটির বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে রাজধানী পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে রাষ্ট্রপতির কাছে তিনটি পথ তুলে ধরা হয়। প্রথমটি হলো- জাকার্তাতেই সরকারি অফিসগুলোর জন্য বিশেষায়িত অঞ্চল গড়ে তোলা। দ্বিতীয়টি হলো- সরকারি অফিসগুলোকে জাকার্তার বাইরে নিয়ে যাওয়া। এবং তৃতীয়টি হলো- নতুন একটি রাজধানী গড়ে তোলা।
রাষ্ট্রপতি জোকো উইদোদো শেষের পথটিই সবচেয়ে বেশি পছন্দ করেছেন বলে জানিয়েছে।
১৯৪৫ সালে ডাচদের কাছ থেকে স্বাধীন হয় ইন্দোনেশিয়া। এর পর থেকে বেশ কয়েকবারই রাজধানী পরিবর্তনের প্রসঙ্গ উঠেছে।
গবেষকরা বলছেন, ২০৫০ সাল নাগাদ মেগাসিটি জাকার্তা পুরোটাই পানিতে তলিয়ে যেতে পারে। গত ১০ বছরে উত্তর জাকার্তা প্রায় ৮ ফুট ডুবেছে। প্রতি বছরই এ থেকে ১৫ সেন্টিমিটার করে ডুবছে শহরটি।