ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়ে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত।
গতকাল শনিবার প্রদেশের সারাভান শহরে ওই পাকিস্তানিদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু নিশ্চিত করেছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালের দিকে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের একটি বাসায় একদল সশস্ত্র অজ্ঞাত ব্যক্তি হামলা চালায়।
পরে সেখান থেকে ৯ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ৯ জনই পাকিস্তানি নাগরিক।
তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী কিংবা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি বলে মেহের নিউজ জানিয়েছে।