শামসুর রহমান হৃদয় গাইবান্ধাঃ কৃষক পরিবারের সন্তান শাহরিয়া নাফিসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবার সে নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে। এ গ্রামের কৃষক আতিকুর রহমান প্লাবন ও গৃহিনী নার্গিস আক্তার দম্পতির ছেলে শাহরিয়া নাফিস।
আতিকুর রহমানের একমাত্র ছেলে নাফিস, আর তার দুই মেয়ে রয়েছে। নাফিস অত্যন্ত মেধাবী একজন ছাত্র। ছোটবেলা থেকেই পড়ালেখায় আগ্রহী ছিল। তার শিক্ষাজীবন শুরু হয় বাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বাগুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় তিনি জিপিএ ৫ পেয়ে সাফল্য অর্জন করেন।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় শাহরিয়া নাফিস। তার এই সাফল্যে এলাকাবাসী অবাক হয়েছেন। এ বিষয়ে শাহরিয়া নাফিস জানান, ‘তীক্ষ্ণ মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ যখন পড়াশোনা করে এবং অদম্য চেষ্টা করে, তখন সাফল্য অর্জন করা সম্ভব। আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমি মেডিকেল পড়াশোনা করে ডাক্তার হয়ে দেশ ও জাতির মঙ্গলে কাজ করব, ইনশাআল্লাহ।’
নাফিসের বাবা আতিকুর রহমান জানান, ‘বর্তমান সাংসারিক পরিস্থিতি মোকাবেলা করেও ছেলেকে সাহস জুগিয়েছি। একসময় আমরা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু আমার অদম্য মেধাবী ছেলে নাফিস হাল ছাড়েনি এবং মেডিকেল ভর্তি কোচিং রেটিনায় ভর্তি হয়েছিল। প্রথমবারেই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। আমার পাশাপাশি, নাফিসের তিন মামারও অনেক সহায়তা রয়েছে তার এই সাফল্যের পেছনে।