নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এ অভিযোগ করেছেন। বার্তাটি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম।
এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি।এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের। তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।
শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।