খাশোগি হত্যা মামলার শুনানি আন্তর্জাতিক মানের হয়নি: জাতিসংঘ

0

সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনের শুনানি আন্তর্জাতিক মানের হয়নি। আর এ কারণে ওই মামলার শুনানি প্রকাশ্য আদালতে হওয়া দরকার বলে জানিযয়েছে জাতিসংঘের মানবাধিকার বিভাগ।
বৃহস্পতিবার জাতিসংঘের অতিরিক্ত বিচার সম্বন্ধীয় বিভাগের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড ওই হত্যা মামলার প্রাথমিক তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া ১০ অভিযুক্তের নাম এবং তাদের বিচার সংক্রান্ত অবস্থান সম্পর্কে জানাতে সৌদি আরব প্রশাসনের উদ্দেশে আবেদন জানিয়েছেন। খাশোগি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক অনুসন্ধান দলের নেতৃত্বে রয়েছেন এই অ্যাগনেস।
এদিন এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, সৌদি আরব সরকার খুব ভুল করবে যদি তারা বিশ্বাস করে যে এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হবে। প্রক্রিয়াগত ও বৈধতার বিচারে তা কখনই আন্তর্জাতিক মান স্পর্শ করতে পারেনি।
গত বছরের নভেম্বরে ১১ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহভাজন উল্লেখ করেন সৌদি আরবের সরকারি আইনজীবী। এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেয়া এবং খুনে শামিল হওয়ার অপরাধে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।
উল্লেখ্য, নিজের তুর্কি বাগদত্তাকে বিয়ের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর প্রবেশ করেন খাশোগি। কিন্তু এরপর থেকে তাকে আর দেখা যায়নি। শুরু থেকে খাশোগির পরিবার ও তুরস্ক দাবি করে তাকে কনস্যুলেটের ভেতরই হত্যা করা হয়েছে। প্রথমে সৌদি সরকার এটি অস্বীকার করলেও পরে এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশটির কয়েকজন নাগরিকের সম্পৃক্ততা কথা মেনে নেয় তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.