বিজয় কুমার,সাঘাটা(গাইবান্ধা)থেকেঃ গাইবান্ধার ডাউন রেল স্টেশন বোনারপাড়া জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমানও পয়েন্টসম্যান আসাদুল বারীকে কর্তব্য অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে বরখাস্ত করা হয়। রেলওয়ের একটি সুত্র জানায়, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে সান্তাহারগামি দোলনচাপা এক্সপ্রেসটি বোনারপাড়া স্টেশনের ১নং লাইনে দাঁড়ানো ছিল। লালমনিরহাট গামি করতোয়া এক্সপ্রেসকে ২নং লাইনে ক্লিয়ারেন্স দেয়া হয়।
কিন্তু পয়েন্টসম্যানের গাফিলতির কারণে করতোয়া এক্সপ্রেস ২নং লাইনের পরিবর্তে১নং লাইনে ক্লিয়ারেন্স দেয়ায় ভাগ্যক্রমে চালকের সতর্কতার কারণে একটি বড় ধরণের দুর্ঘটনা থেকে ট্রেন দু’টির যাত্রীরা রক্ষা পায়। এসময় স্টেশন মাস্টার আতাউর রহমান কর্মস্থলে না থেকে অন্যত্র ছিলেন। কর্তব্য অবহেলার কারণে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানকে শনিবার দুপুরের মধ্যে বরখাস্ত করা হয়। এ বিষয়ে স্টেশন মাস্টার আতাউর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি দায়ী। পয়েন্টসম্যান আসাদুল বারীর গ্রিনসিগন্যাল না নিয়েই করতোয়া এক্সপ্রেসকে স্টেশনে ইন করার ক্লিয়ারেন্স দেই। ট্রেনের গতি এবং চালক শতর্ক না থাকলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেত। কর্তব্যে গাফিলতির কারনে তাদের দু’জনকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। আসাদুল বারী চাকুরীতে নতুন। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এছাড়া এ ঘটনা তদন্তে রেলওয়ের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফুয়াদ হোসেনকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন সহকারি সিগন্যাল প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারি নির্বাহী প্রকৌশলী(বগুড়া) মো. আব্দুস সোবহান ও সহকারি যন্ত্র প্রকৌশলী (ওটি) মো. আকরাম হোসেন।
এ তদন্ত টিম ৩ কার্যদিবসে তদন্ত কাজ সম্পন্ন করে পশ্চিমাঞ্চল রেলওয়ে ম্যানেজারের কাছে রিপোর্ট দাখিল করবেন বলে জানানো হয়েছে।