গাড়ি বহরে হামলা নিয়ে অপপ্রচার শুরু করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

0

মির্জা ফখরুলফেনীতে খালেদা জিয়ার গাড়ির বহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। তবে আওয়ামী লীগের দাবি, বিএনপি হামলার এই ঘটনা সাজিয়েছে।

মির্জা ফখরুল বলেন, “ওই আক্রমণে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা (সাংবাদিকরা) হামলার শিকার হয়েছেন। আপনারা সবই জানেন কারা আক্রমণ চালিয়েছে; এই আক্রমণকারীরা কারা- তা পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে চলে এসেছে। “

তিনি আরো বলেন, “এ নিয়ে তারা (ক্ষমতাসীন দল) বিভিন্ন প্রকার অপপ্রচার শুরু করেছে। তারা আমাদের দলের চট্টগ্রাম মহানগরীর সভাপতির বিরুদ্ধেও একটা অপপ্রচার চালিয়েছে… যেটা প্রমাণিত হয়েছে, তিনি কখনোই এসবের মধ্যে ছিলেন না। আমরা বলতে চাই, এভাবে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ”

এ সময় গাড়ি বহরে হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এই ঘটনা নিয়ে আশা করেছিলাম তিনি (কাদের) অন্তত এটাকে নিন্দা করবেন প্রথমেই এবং হামলাকারীদের খুঁজে বের করতে প্রয়োজনী ব্যবস্থা নেবেন।

আর খোঁজার দরকার নেই, তাদের পরিচয় জানা হয়ে গেছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করবেন।
ফখরুল আরো বলেন, “এটা না করে তারা (ক্ষমতাসীনরা) যে সমস্ত কথা বলছেন, বলেই যাচ্ছেন। সেটাকে আমরা সুস্পষ্টভাবে মনে করি সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া। রাজনীতিকে ধ্বংস করবার আরেক প্রক্রিয়া তারা শুরু করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখনও সময় আছে, এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তাদের উচিৎ হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা। ”

বিএনপি চেয়ারপারসনের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “গতকাল আমাদের নেত্রী বলেছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকারের যা করা উচিৎ ছিল, তারা তা করতে পারেনি, সরকার ব্যর্থ হয়েছে।

আমরা প্রথম দিকে বলে আসছি যে এদেরকে আশ্রয় দিয়ে তাদের খাওয়া-পড়ার ব্যবস্থা করতে। একইসঙ্গে সেই কূটনৈতিক চাপ সৃষ্টি করতে, যেন সরকারের হাত শক্ত হয়; যাতে করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে এ সমস্যাকে মোকাবেলা করা যায়। সেটা সরকার করেনি, তারা নাকচ করে দিয়েছেন। ”

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশে কক্সবাজার যাওয়ার পথে গত শনিবার ফেনীতে মহাসড়কে একদল যুবক বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা চালায়। হামলা থেকে খালেদার গাড়ি রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় বহরে থাকা সাংবাদিকদের গাড়ি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.