গুগল-ফেসবুককে বোকা বানিয়ে ১২ কোটি ২০ লাখ ডলার লোপাট

0

বিশ্বের বড় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ জায়ান্ট গুগল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বোকা বানিয়ে ১২ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন লিথুয়ানিয়ার এক ব্যক্তি। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে ইভালদাস রিমাসস্কাস নামের ওই ব্যক্তি গুগল ও ফেসবুকের কাছে ভুয়া চালান পাঠিয়ে এই অর্থ হাতিয়ে নিয়েছেন। গুগল ও ফেসবুক যেসব জিনিস কখনও ক্রয়ই করেনি সেগুলোর চালানের মাধ্যমে সেসব জিনিসের অর্থ হাতিয়েছেন ৫০ বছর বয়সী রিমাসস্কাস।

অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় সোমবার নিউ ইয়র্কে একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আগামী ২৪ জুলাই তার সাজা ঘোষণা হবে। এ ঘটনায় রিমাসস্কাসের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মার্কিন কৌঁসুলিরা জানিয়েছে, রিমাসস্কাস ও অপর ব্যক্তি এশিয়ান হার্ডওয়্যার বিক্রেতা সেজে গুগল ও ফেসবুকের কাছে অর্থ দাবি করেন। হার্ডওয়্যার বিক্রির ভুয়া চালানের সঙ্গে প্রয়োজনীয় অন্যসব জাল কাগজপত্রও পাঠাতেন তারা।
তাইওয়ান ভিত্তিক কোয়ান্টা কম্পিউটার ইনকরপোরেশনের নামে নিজে ভুয়া কোম্পানি খুলে নিবন্ধন করেন তিনি। আসল কোয়ান্টা কম্পিউটার ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে আগে বাণিজ্য করেছে।

এই প্রতিষ্ঠানের নামে ভুয়া চালান পাঠিয়ে ফেসবুকের কাছ থেকে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার ও গুগলের কাছ থেকে ২৩ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নিয়ে লাটভিয়া, সাইপ্রাস, স্লোভাকিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি ও হংকংয়ের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন তিনি।

২০১৭ সালে লিথুয়ানিয়ায় গ্রেপ্তার হওয়ার পর বিচারের জন্য তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয়। আদালতের নথি অনুযায়ী, ৪৯.৭ মিলিয়ন মার্কিন ডলার ফিরিয়ে দিতে সম্মত হয়েছেন রিমাসস্কাস। তবে বাকি ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের কী হয়েছে সে বিষয়টা পরিষ্কার নয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.