পুরান ঢাকার গেন্ডারিয়ার ঢালকানগর এলাকায় একটি মসজিদের পাশে অবস্থিত একটি টিনশেড বাড়ির গ্যাসের লাইনের ছিদ্র থেকে ছড়িয়ে পড়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন, এর মধ্যে দুটি শিশুও রয়েছে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (৫ জুলাই) বুধবার ভোর ৫টার দিকে ঢালকানগর ৫৭/ডি নম্বর টিনশেড বাসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দগ্ধরা হলেন আলেয়া বেগম (৬৫), মেয়ে শাহীদা বেগম (৩০), জামাতা শরিফুল ইসলাস (৩৮), নাতনী শরিফা (১৩), নাতী শুভ (৮), আরেক মেয়ে শাহনাজ (৩৫), জামাতা আলী আকবর (৪৫)। দগ্ধ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া গ্যাস বিস্ফোরণের ঘটনায় সাতজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, বিস্ফোরণে আলেয়ার শরীরের ৩৩ শতাংশ, শাহীদার ২৫, শরিফুলের ৪৫, শরিফার ২, শুভর ৮, শাহনাজের ৩৫ ও আলী আকবরের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সবাই চিকিৎসাধীন আছে।