গোপালগঞ্জে দু’বাসের সংঘর্ষে নিহত ৪

0

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত বিআরটিসির বাস চালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮)। বাকি নিহত ও ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মুকসুদপুর ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইজাজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ছাগলছিড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে আবুল সিকদারসহ দুইজন নিহত হয়। আহত হয় আরো ২৭ জন। পরে খবর পেয়ে জলিলপাড় পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠায়। এ সময় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কাওসার ও মুন্নি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি আরো জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.