জাটকা ও মা ইলিশ ধরলে কঠোর ব্যবস্থা: আমু

0

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “বর্তমান সরকার জনকল্যাণমুখী। জনগণের ভাগ্যের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। জাটকা ধরা বন্ধের সময় জেলেদের ৪০ কেজি করে চাল প্রদানসহ বিভিন্ন রকমের সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার পরও যদি জেলেরা জাটকা ও মা ইলিশ ধরে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “

আজ শনিবার(২২ জুলাই) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

দখল হওয়া জলাশয় উদ্ধার করে মাছ চাষ করা হবে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, “দেশি প্রজাতির মাছ আজ হারিয়ে যেতে বসেছে। একে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দখল হওয়া ও পরিত্যক্ত পুকুর, ডোবা ও খাল উদ্ধার করে সেখানে মৎস্য চাষ করতে হবে। এর ফলে মৎস্য চাষ ও উৎপাদন বাড়বে। মাছ রপ্তানি করে বেশি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। “

জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার ছয় সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.