টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

0

 প্রবল বৃষ্টির প্রভাবে দেশের ঢাকা, চট্টগ্রামসহ যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, পাবনা, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীতে তুমুল বৃষ্টি শুরু হয়। এর কারণে আচমকাই যেন থমকে যায় রাজধানীর চিত্র। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, কালবৈশাখী ও পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঝোড়ো হাওয়ার সতর্কবাণী দিয়ে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, চট্টগ্রাম, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ী ভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম নগরীতে দফায় দফায় বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে আগ্রাবাদের কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা, চকবাজার ও আশেপাশের এলাকা, কাতালগঞ্জ, নাসিরাবাদ দুই নম্বর গেইটসহ আশেপাশের এলাকা, শোলকবহর, বাকলিয়া, খাতুনগঞ্জ-চাক্তাই এলাকা, চান্দগাঁও, হালিশহর, সবুজবাগ, শান্তিবাগ, ফইল্যাতলি, বউবাজার, আগ্রাবাদ এক্সেস রোড ও আশেপাশের এলাকা, হামিদচর, বহদ্দারহাট ও মোহাম্মদপুর।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহানগরীর অফিস-আদালত, ব্যাংকপাড়া এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক দিনের তুলনায় উপস্থিতির হার ছিল অনেক কম। নগরীর বিভিন্ন স্থানে ভাঙা রাস্তায় জমে থাকা পানিতে ডুবে দিনের বিভিন্ন সময় উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন বিকল হয়ে গেলে কোথাও কোথাও যানজট লেগে ট্রাফিক ব্যবস্থা স্থবির হয়ে পড়ে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.