ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে, নিহত ৪

0

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে আগুন লেগে অন্তত ৪ জন নিহত হয়েছে।

র‍্যাবের গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলেই সাংবাদিকদের জানান যে তখন পর্যন্ত ট্রেনের ভেতর থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত সাড়ে ৯টার দিকে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

জানা গেছে ট্রেনটির কয়েকটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেখানেই ট্রেনটি থেমে গেলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

দ্রুতই ফায়ার সার্ভিসের একাধিক দল সেখানে পৌঁছায়। নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে ট্রেনটিতে তল্লাশি চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি র‍্যাব। মঈন জানান, রেল কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত করছে, পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও এ নিয়ে কাজ করছে।

আগুনে ট্রেনটির তিনটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন।

মহিদ বলেন, ‘মানুষকে ভীত, সন্ত্রস্ত করা, স্বাভাবিক জীবন যাপনকে বাধাগ্রস্ত করাই এ ঘটনার উদ্দেশ্য।’

গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি জানান, এটি যে নাশকতা, সেটি তো স্পষ্ট। পরিকল্পিতভাবে এটি করা হয়েছে। যারা করেছে তাদের আইনের আওতায় নেয়া হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৩৬ ঘণ্টারও কম সময় বাকি থাকতে এই আগুন লাগল।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতের ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে নিহত হয়েছে ৪ জন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবরটি দেশের পাশাপাশি ব্যাপকভাবে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানান, মেগাসিটির প্রধান রেল টার্মিনালের কাছে ঢাকার পুরনো অংশের গোপীবাগে ট্রেনটিতে আগুন লাগে। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র দুদিন আগে এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রায়ই নির্বাচনকে ঘিরে সহিংসতা দেখা যায়। দেশটিতে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর যশোর থেকে রাজধানী ঢাকায় আসা বেনাপোল এক্সপ্রেসের অন্তত চারটি বগিতে আগুন লেগেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে ট্রেনে আগুনের ঘটনায় দেশটিতে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশটির কয়েকটি বিরোধী দল নির্বাচন বয়কট করেছে এবং তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার পর বাংলাদেশে পাঁচজন নিহত হয়েছেন। দেশটিতে নির্বাচনের আগে যাত্রীবাহী ট্রেনে এমন আগুন লাগার ঘটনা নাশকতাই মনে হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.