ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করবেন না-ওবায়দুল কাদের

0

আগামীকাল শনিবার খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে রওনা দিবেন। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করবেন না। ত্রাণ সরবরাহ করা না গেলে ৬ লাখ মানুষ কষ্ট পাবে। ত্রাণ দেওয়ার নামে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে যাওয়া-আসার সময় রাস্তায় সভা করে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

 ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া আদালতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তা রাজনৈতিক ভাষা নয়, এটা রাস্তার ভাষা। তিনি আদালতে গিয়ে এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন, সেটা রাজনৈতিক বক্তব্য। যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে।
আজ শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ওয়ান ইলেভেনের সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মানজনক ও অপমানজনক ভাবে আদালতে নেওয়া হয়েছে। অথচ সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আধুনিক সকল সুযোগ সুবিধাসহ বাড়ি বরাদ্দ করে সাব-জেল তৈরি করে সেখানে নেওয়া হয়। অথচ খালেদা জিয়া আদালতে বলেন শেখ হাসিনা লাকি, তাকে কখনো আদালতে যেতে হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.