জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। পকেট কমিটি করা যাবে না,দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসী, ইয়াবা সেবনকারী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সদস্য করবেন না।’
আজ (২৮ জুলাই) শুক্রবার সকালে পটুয়াখালীর পায়রা নদীতে লেবুখালী ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দি নাসিম, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড.আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড.শাহজাহান মিয়া,সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার,সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লুত্ফুন নেসা, জেলা পরিষদে চেয়ারম্যান খান মোশারেফ হোসেন সহ আওয়ামীলীগে বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনের বিজয়ের জন্য সবাইকে এক হওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবে সে নির্বাচন করবে। মনোনয়না পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তিগত শ্লোগান হবে না। সকলের একটি শ্লোগান, তা হলো নৌকা।’
ওবায়দুল কাদের বলেন, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই জেলাতে নির্মাণ হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, সেনানিবাস, তাপ বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়নে নির্মাণ হচ্ছে লেবুখালী সেতু, যা আগামী বছরের ডিসেম্বরে পদ্মা সেতুর সঙ্গে উদ্বোধন করা হবে। এখন প্রমানণত যে ‘রাজনীতির রোল মডেল বঙ্গবন্ধু এবং উন্নয়ন অর্জনের রোল মডেল শেখ হাসিনা’। ”
এর আগে এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে পায়রা নদীতে চার লেন বিশিষ্ট লেবুখালী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ করা সম্ভব। এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে স্বীকৃত বিষয়।’
তিনি দাবি করেন, ‘বর্তমান নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, আর এ কমিশনে বিএনপিরও প্রতিনিধি রয়েছে।’