শফিউল ইসলাম শাফি, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামীলীগ সরকার যদি তার অধিনে নির্বাচন করতে যায় তাহলে আওয়ামীলীগ সরকার নিজের কবর নিজেই রচনা করবে। কারন ঐ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ গ্রহনের কোন মানেই থাকবে না।
তিনি বলেন, শেখ হাসিনার অধিনে যত নির্বাচন হয়েছে তা রক্তাক্ত নির্বাচন, ভোট কেরে নেয়ার নির্বাচন, ভোট কেন্দ্র দখল করার নির্বাচন। একটা অবাধ সুষ্ঠ নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাড়াতে হবে।
রুহুল কবির রিজভী আহমেদ শুক্রবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া তিনি বলেন, গত কাল যে বক্তব্য রেখেছিলেন তিনি তা প্রতিহিংসা পরায়ন, বিকারগ্রস্থ বক্তব্য। সেখানে ছিল ব্যাক্তিগত গালিগালাজ। তিনি নিজেকে খুব উচু ভাবেন আর অন্যদের খুব নীচু ভাবেন।
তিনি আরো বলেন, ওনার হাতে ক্ষমতা আছে তা দিয়ে তিনি মিছিলের উপর, জনগণের অধিকারের পক্ষে কথা বলার উপর নিষ্ঠুর দমন প্রক্রিয়া চালাতে পারেন। কিন্ত এটা সব সময় যে সফল হবে তার কোন কারন নাই।
তিনি আগামী ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় গুলশান কার্যালয়ে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক হবে বলে সাংবাদিকদের অবহিত করেন।