দেশে নতুন রাজনৈতিক উদ্যোগ “ইনসাফ মঞ্চ” এর আত্মপ্রকাশ

0
  • স্টাফ রিপোর্টারঃ গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশে নতুন রাজনৈতিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ইনসাফ মঞ্চ’।
    রাজধানীর জাতিয় প্রেন্সক্লাবে এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইনসাফ মঞ্চের আহ্বায়ক ও জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।
    এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান এম. নাজিম উদ্দীন আল আজাদ, ইনসাফ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৩ আসনের এমপি প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক ডেল এইচ খান, গণ আজাদী লীগের সভাপতি, নজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আতা উল্লাহ খানসহ গাজী মুস্তাফিজুর রহমান, আজম খান, ড. আমেনা বেগম, মাসুদ হোসেন প্রমুখ।
    সংবাদ সম্মেলনে পাঠ করা ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশ বর্তমানে একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও মানবাধিকার বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই বাস্তবতায় জনগণের ন্যায়সংগত অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোতে জবাবদিহিতা ফিরিয়ে আনতেই ইনসাফ মঞ্চের আত্মপ্রকাশ।
    ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, ইনসাফ মঞ্চ কোনো বিদ্যমান রাজনৈতিক দলের বিকল্প নয়। এটি একটি স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার রক্ষা করা।
    ইনসাফ মঞ্চ তাদের পাঁচ দফা অগ্রাধিকার কর্মসূচির কথা তুলে ধরে জানায়, তারা জনগণের সামনে সত্য উপস্থাপন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অবস্থান এবং সংবিধান ও নৈতিকতার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে।
    দায়বদ্ধতা ও স্বচ্ছতার বিষয়ে ঘোষণাপত্রে বলা হয়, প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের প্রতি দায়বদ্ধ থাকবেন। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড, সহিংসতা বা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক আচরণকে ইনসাফ মঞ্চ সমর্থন করবে না।
    ঘোষণাপত্রে আরও বলা হয়, “আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ক্ষমতার রাজনীতি নয়, ন্যায়ের রাজনীতিতে বিশ্বাসী।”নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো প্রসঙ্গে জানানো হয়, ইনসাফ মঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে। জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল ঐক্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতার ভিত্তিতে নেতৃত্ব প্রদান করবেন।
    ঘোষণার শেষাংশে বলা হয়,“জনগণের শক্তিই রাষ্ট্রের প্রকৃত ভিত্তি। ইনসাফ মঞ্চ থাকবে জনগণের পাশে, জনগণের জন্য।”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.