ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করতে চায় বিএনপিঃ আমিনুল হক

0

মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের আয়োজনে দরিদ্র অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা এবং শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করতে চায়।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসররা তারা দেশে উন্নয়নের নামে লুটতরাজ করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এদেশের জনগণের কোনো উন্নয়ন তারা করে নাই। তাদের লুটতরাজে যারা গরিব ছিল তারা আরও বেশি গরিব হয়ে গেছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করতে চায়। তিনি বলেন, বিএনপি চায় সুষম বণ্টনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকে।দেশের প্রত্যেকটি মানুষ যাতে তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে।

আমিনুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন মানবিক নেতা ছিলেন। বাংলাদেশকে সমৃদ্ধশালী করার মূল ভিক্তি তিনিই স্থাপন করে দিয়ে গেছেন। আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনিও মানবিকভাবে বাংলাদেশের মানুষের কাছে গিয়ে তাদের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করেছেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান তিনি একজন মানবিক নেতা। গত ১৭ বছর ধরে সারা বাংলাদেশের অসহায় মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট তৈরি হোক, সংস্কারের পর্যায়ে গিয়ে আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যাতে দেশের দরিদ্র অসহায় মানুষগুলোর পাশে আমরা সবসময় থাকতে পারি।

পল্লবী থানা বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী আকবর মামুনের সভাপতিত্বে ও ইসহাক মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফয়সাল আহমেদ ও মাহফুজ হোসেন। এরপর বিকালে পল্লবী আলব্দীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমিনুল হক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.