যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গাড়ি নিয়ে সন্ত্রাসী হামলা এবং লাস ভেগাসে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর এবার নিউইয়র্কের একটি নাইট ক্লাবে বন্দুক হামলা চালানো হলো। অঙ্গরাজ্যটির কুইন্সে একটি মিউজিক ভেন্যুর বাইরে ঢোকার জন্য অপেক্ষমাণ লোকদের ওপর কয়েকজন ব্যক্তি গুলি চালায়।
স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ক্লাবের ভেতরে প্রায় ৯০ জন এবং বাইরে প্রায় ১৫ জন লোক অপেক্ষা করছিলেন। ১৬ থেকে ২০ বছর বয়সী গুলিবিদ্ধদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ৩০টি গুলি চালানো হয়। সন্দেহভাজনরা গুলি চালিয়ে প্রথমে পায়ে হেঁটে, পরে একটি গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কর্তৃপক্ষ সন্দেহ করছে, কোনো ‘গ্যাং’ এই হামলায় জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে গুলি চালানোর ঘটনাটি সন্ত্রাসী হামলা ছিল না। র আগে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলা এবং লাস ভেগাসে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে উল্লেখযোগ্য প্রাণহানি ঘটে।
নববর্ষের প্রথম প্রহরে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেন টেক্সাসের ৪২ বছর বয়সী মার্কিন সেনা সদস্য শামসুদ্দিন জব্বার। এই হামলায় ১৫ জন নিহত এবং ৩৫ জনেরও বেশি আহত হয়।
দুর্ঘটনার পর জব্বার গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হন। তার ট্রাকে একটি আইএস’র পতাকা এবং ঘটনাস্থলে বিস্ফোরক পাওয়া গেছে। এফবিআই ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসাবে তদন্ত করছে।
এরপর লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণ ঘটে। টুরো অ্যাপের মাধ্যমে কলোরাডোতে ভাড়া করা গাড়িটিতে আতশবাজি এবং গ্যাস ক্যানিস্টার পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই চালক নিহত ও সাতজন সামান্য আহত হন।