নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীদের সন্ত্রাসী হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ ওই হামলার ঘটনায় ‘বেশ কয়েকজন হতাহত’ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেছেন, ওই হামলার পর একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন ওই হামলার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে।
দেশটিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বলে জানা গেছে।
তবে, তারা সবাই ভাল ও নিরাপদে আছেন বলে জানা গেছে।
নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে এবং পাশেই লিনউড মসজিদেও হামলার ঘটনা ঘটে। এসময় সরাসরি সম্প্রচারে একজন বন্দুকধারীকে গুলি করতে দেখা যায়।
খবরে বলা হচ্ছে, হামলাকারী ব্যক্তি মসজিদে হামলার আগে ফেসবুকে ব্যাপক হত্যাকাণ্ডের পোস্ট দিয়েছিলেন।
এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন।
অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে।
আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে।
হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে আশঙ্কা করেছেন।