নিত্য নতুন ফ্রন্ট খুলে যুদ্ধের ষড়যন্ত্র করছে পুঁজিবাদ

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: অক্টোবর বিপ্লবের শতবর্ষে সিপিবির আন্তর্জাতিক সেমিনারে দেশি-বিদেশি বাম রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন, পুঁজিবাদ এখন দেশে দেশে নিত্য নতুন ফ্রন্ট খুলে যুদ্ধের ষড়যন্ত্র করছে। এতে বাড়ছে শোষণ, কমছে মৌলিক মানবাধিকার, বেঁচে থাকার সুযোগ। এ ধরনের অসহিষ্ণু পরিস্থিতিতেও পথ দেখাতে পারে একমাত্র অক্টোবর বিপ্লব। তারা অক্টোবর বিপ্লবের পথ ধরে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে সিপিবির উদ্যোগে আয়োজিত ‘সমকালীন পুঁজিবাদ ও অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার বক্তারা এসব কথা বলেন। শুক্রবার তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপমহাদেশের বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির নেতা, দেশের শীর্ষ বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা বক্তব্য রাখেন।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। বক্তব্য রাখেন- ভারতের কমিউনিস্ট পার্টির-মার্কসবাদী (সিপিআইএম) পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রবোধ পাণ্ডা, নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) কেন্দ্রীয় নেতা বিজয় বাহাদুর কুনাড়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, ভাষাসংগ্রামী আহমদ রফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক। সেমিনার পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী।

বৃন্দা কারাত বলেন, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে, জাত-পাতের নামে যে বৈষম্য সমাজে চলছে তার পরিচালক নয়া-উদারনীতিবাদ। পৃথিবীতে বৈষম্য এমন জায়গায় পৌঁছেছে যে, ৩.৮ বিলিয়ন মানুষের সম্পদের সমান মাত্র আটজন ব্যক্তির সম্পদ।

প্রবোধ পান্ডা তার বক্তব্যে বলেন, লগ্নিপুঁজির বিরুদ্ধে যে সংগ্রাম এই সংগ্রাম সারা দুনিয়ার মেহনতি মানুষকে আজ এক করেছে। অক্টোবর বিপ্লবের শতবর্ষে পৃথিবীর সর্বত্র সমাজতন্ত্রীদের লাল পতাকার মিছিল প্রমাণ করেছে এই যুগ সমাজতন্ত্রের যুগ।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চলমান পুঁজিবাদী ব্যবস্থাকে সংশোধনের কোনো সুযোগ নেই। মানুষের ওপর শোষণ ও নির্যাতন বন্ধে তাই সমাজতন্ত্রই ভরসা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.