ন্যাশনাল ডেস্কঃ ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে, তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিকট মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না, বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে।’
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। এ ধরনের হামলা যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’