নীতি আদর্শ ও মানুষের অধিকার  প্রশ্নে আপস করেননি মানিক মিয়া

0

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার নগরীর শাহ্ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানার উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তনজিমুল মোছলেমনি এতিমখানার সম্পাদক অধ্যাপক হাকিম জামাল উদ্দিন হেজাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব ও এতিমখানার পরিচালক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন, মাওলানা মাশুকুর রহমান, মৌলানা আবদুর রহীম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ ফজলুল কাদের, মোঃ নবীদুল হক প্রমুখ। মাহফিলে চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বলেন, এদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র তফাজ্জল হোসেন মানিক মিয়া। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক পত্রিকা ছিল স্বাধীনতা আন্দোলনের চালিকাশক্তি। নীতি ও আদর্শের প্রশ্নে এবং মানুষের অধিকারের বিষয়ে মানিক মিয়া কখনো আপস করেননি। দৈনিক ইত্তেফাক ছিল তাঁর সেই সংগ্রামী জীবনের প্রধান হাতিয়ার। মানুষের প্রত্যাশা, বেদনাকে জোরালোভাবে তুলে ধরার এক আশ্চর্য ক্ষমতা ছিল মানিক মিয়ার। স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন বলেন, উপমহাদেশের খ্যাতিমান রাজনীতিক গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন একে অপরের সম্পূরক শক্তি। তফাজ্জল হোসেন মানিক মিয়া প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক ছিল স্বাধীনতা সংগ্রামের অতন্দ্র প্রহরী। ইত্তেফাকের লেখনীর মাধ্যমে এদেশের স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়। সংবাদপত্র জগতের কিংবদন্তী তফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো স্পষ্টবাদী, বলিষ্ঠ, একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ সাংবাদিক বর্তমান সমাজে বিরল। দোয়া মাহফিলে কয়েকশ’ এতিম ছাত্র, আলেম-ওলামা ও সুধী অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন আল-হেজাজ ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক হাকিম মাওলানা জামাল উদ্দিন হেজাজী। দোয়া মাহফিলে মানিক মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.