আসন্ন জাতীয় নির্বাচনে তিনটি আসনে লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খান ।
তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) বুধবার জানিয়েছে, লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদের তিন আসনে লড়বেন ইমরান।
বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।বুধবার কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের বলেন, ইমরান খান আপনাদের জানাতে চান যে তিনি পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন।
গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের রায় দেন। এর ফলে তিনি আগামী পাঁচ বছরের জন্য তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন। পরে সেই মাসেই ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের সেই সাজা স্থগিত করেন। তবে এখন অন্য মামলা থাকায় ইমরান কারাগারেই আছেন।
চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদ হাইকোর্ট এ মামলার শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
ইমরানের আইনজীবী আলী জাফর জানায়, তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর ইসলামাবাদ হাইকোর্ট রায় প্রকাশ করবেন। আমরা আশা করি, রায় দ্রুতই ঘোষণা হবে। কারণ, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। রায় ইমরানের পক্ষে যাবে বলে আশা করেন এই আইনজীবী।
এই আইনজীবী বলেন, দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে না দেয়া অগণতান্ত্রিক চর্চা। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব।
এদিকে দলের চেয়ারম্যান গহর খান জানিয়েছেন, বৃহস্পতিবার তার কাছে মনোনয়নপত্র পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, আল্লাহ চাইলে খান সাহেব এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইমরান খান দলের কর্মীদের মনোনয়নের কাগজপত্র জমা দিতে বলেছেন উল্লেখ করে গহর খান বলেন, কে দল থেকে মনোনয়ন পাবেন, তা ইমরান খানই নির্ধারণ করবেন।