পাকিস্তানে ৩০০ জঙ্গি হত্যার দাবি ভারতের

0

পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে জাইশ-ই-মুুহাম্মদের সন্ত্রাসী ঘাটি লক্ষ করে ভারতীয় বিমান বাহিনী আক্রমণ চালিয়েছে। আক্রমণে অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটা নাগাদ এই আক্রমণ চালায় দেশটির বিমান বাহিনী। জানা গেছে ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বালাকোট, চকোটি ও মুজফফরাবাদে লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারতীয় বাহিনী।

ওই হামলার পর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে এই হামলার পর উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত রয়েছেন।

অন্যদিকে পাকিস্তানেও নিরাপত্তা বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিসহ উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

এর আগে ভারতের নিরাপত্তা বাহিনী ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালালো দেশটি।

ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে চলতি মাসের ১৪ তারিখ পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফের চল্লিশ জনেরও বেশি জওয়ান প্রাণ হারায়। এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.