প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) রাজশাহী যাচ্ছেন । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবার হরিয়ানে রাজশাহী চিনিকল মাঠে প্রধানমন্ত্রী জনসভা করবেন। সভা সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভাস্থলসহ রাজশাহীজুড়ে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টারে সাজানো হয়েছে।
রাজশাহীর উন্নয়নের কথা বিবেচনা করে আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬টি দাবির একটি তালিকা তৈরি করা হয়েছে। গতকাল বুধবার ওই তালিকা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শিখরের হাতে তুলে দেওয়া হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে রাজশাহীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কিছু প্রকল্পের ঘোষণা আসবে—সেদিক থেকেও অপেক্ষায় আছে রাজশাহীবাসী।
জানা গেছে, রাজশাহীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ১৬টি দাবি তুলে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে রাজশাহী টেক্সটাইল মিল ও রাজশাহী সুগার মিলের উন্নয়ন, বন্ধ রেশম কারখানা চালু, রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু সেতু থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের তৈরি করা ইত্যাদি।