জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে দুপুর পৌনে দু’টার দিকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির সমাবেশ শুরু হয়।
এর আগে রবিবার বিকেল সোয়া তিনটায় মঞ্চে উপস্থিত হন তিনি। এ সময় নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। খালেদা জিয়াও মঞ্চে দাঁড়িয়ে দু’হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
এসময় নেতাকর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান নাম উল্লেখ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জনসভাস্থল।
আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এরা যে এত ছোট মনের আজকে তারা দ্বিতীয় দিনের মতো প্রমাণ করে দিয়েছে। এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। এরা মানুষকে ভয় পায় । এ জন্য ৭ নভেম্বর আমাদের জনসভা করতে দেয়নি । আজকে অনুমতি দিয়েছে। কিন্তু জনগণ যেন আসতে না পারে সেই ব্যবস্থা করেছে। গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এমনকি আমিও যেন সমাবেশে আসতে না পারি সেই ব্যবস্থাও করেছে।
এদিকে সমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দলে দলে নেতাকর্মী আসতে শুরু করেছেন। দীর্ঘদিন পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। আশপাশের পুরো এলাকা জুড়ে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। ফলে শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত যানবাহনের ধীর গতি দেখা গেছে।
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দীমুখী নেতাকর্মীদের ঢল শুরু হয়।
সমাবেশ মঞ্চের আশপাশের ল্যাম্পপোস্ট, বিভিন্ন গাছে, নেতাকর্মীদের হাতে হাতে শোভা পাচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পোস্টার, ব্যানার ফেস্টুন।