নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে বালুভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ৫ জন কৃষক ও ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় নুরপুর গ্রামের বাসিন্দা এবং তারা ভ্যানে করে সবজি নিয়ে হাটে যাচ্ছিলেন।
নিহতরা হলেন সঞ্চু উরাও (৪৮), বিপুল পাহান (২২), বীরেন (৫০), উজ্জ্বল পাহান (২৪) এবং বিপ্লব (২২)। এছাড়া সামন্ত (৩০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দুটি চার্জার ভ্যানে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নজিপুরগামী একটি দ্রুতগতির বালুভর্তি ডাম্প ট্রাক ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চারজনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। ট্রাকটির ধাক্কায় ভ্যান দুটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি (রংপুর মেট্রো ট-১১০০০৪) জব্দ করা সম্ভব হলেও এর চালক কৌশলে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াাধীন রয়েছে। ভোরে ঘন কুয়াশা না কি চালকের অসতর্কতা এই দুর্ঘটনার কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।