বাসদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

0

আজ ৭ নভেম্বর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৮০ সালের এ দিনে বাংলাদেশের শোষিত শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির লক্ষ্যে বাসদের সাহসী আত্মপ্রকাশ ঘটে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা আন্দোলনে এবং পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামসহ সব গণতান্ত্রিক সংগ্রামে সাধ্যানুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাসদ। তারই ধারাবাহিকতায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দ্বি-দলীয় বুর্জোয়া রাজনীতির বিপরীতে বাম বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রেখেছে সংগঠনটি।

প্রতিষ্ঠা বার্ষিকী ও রাশিয়ার অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সারা দেশের সব শাখা সংগঠন ও শ্রমজীবী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

এক বিবৃতিতে তিনি বলেন, ৭ নভেম্বর রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ। আজ থেকে ১০০ বছর আগে রাশিয়ার শ্রমিক শ্রেণি সর্বহারার মহান নেতা কমরেড লেনিন ও বলশেভিক পার্টির নেতৃত্বে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সফল করে দুনিয়ার বুকে প্রথম শোষণহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা করেছিলেন। এ বিপ্লব অন্য সকল বিপ্লবের থেকে ভিন্ন। কারণ দাস সমাজ থেকে পুঁজিবাদ সব বিপ্লব এক শ্রেণির হাত থেকে আরেক শ্রেণির হাতে ক্ষমতা বদল হলেও শোষণের অবসান হয়নি।

কিন্তু অক্টোবর বিপ্লবই প্রথম বুর্জোয়া শ্রেণির হাত থেকে ক্ষমতা শ্রমিক শ্রেণি দখল করে, শোষণমুক্তির সূচনা ঘটায়।

বিবৃতিতে তিনি ‘জোট-মহাজোটের বাইরে বিকল্প শক্তি গড়ে তোলা ও শ্রমিক-কৃষক মেহনতি মানুষের শোষণমুক্তির সংগ্রামকে বেগবান করতে দেশবাসীকে বাসদের পতাকা তলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।

খালেকুজ্জামান বলেন, অক্টোবর বিপ্লব সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের কাছে শোষণ মুক্তির সংগ্রামে আজও অফুরন্ত অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। বাংলাদেশে বাসদসহ সব বামপন্থী শক্তি ঐক্যবদ্ধভাবে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন করছে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ও অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে ৭ নভেম্বর দুপুর ১টায় মহানগর নাট্যমঞ্চে (গুলিস্তানে) জমায়েত শেষে লাল পতাকা মিছিলসহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য অক্টোবর বিপ্লব উদযাপন কমিটির যৌথ মহাসমাবেশে যোগ দেবেন বাসদ নেতাকর্মীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.