ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাসায় গেছেন বিএনপি নেতারা।
শনিবার দুপুরে বনানীর বাড়িতে উপস্থিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নির্দলীয় অবস্থান থেকে স্থানীয় সরকার যে চালানো যায়, উন্নয়ন করা যায়, সেটা তিনি দেখিয়ে গেছেন।
তিনি বলেন, সততা, যোগ্যতা, নিষ্ঠা ও সাহসী ভূমিকার মাধ্যমে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো যায়, সেই স্বাক্ষর তিনি রেখে গেছেন।
আনিসুল হক শুধু ব্যবসায়িক জীবনে নয়, সব কাজ পরিচালনায় তিনি নতুন দিগন্ত উন্মুক্ত করে গেছেন বলেও মন্তব্য করেন আমীর খসরু।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক।