বিদ্রোহের দিন খালেদা জিয়া ঘুম থেকে ৬টায় উঠলেন কেন?

0

বিডিআর বিদ্রোহের দিন বিএনপির চেয়ারপাসর বেগম খালেদা জিয়া সকাল ৬টায় ঘুম থেকে উঠেছিলেন কেন-এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, একটি সদ্য সরকার গঠন করা দলকে ক্ষমতা থেকে নামানোর জন্যই বিডিআর বিদ্রোহ করা হয়েছিল।

‘বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত হয়নি উল্লেখ করে এতে কারা লাভবান হয়েছে?’ মঙ্গলবার মির্জা ফখরুলের দেয়া এমন বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ নয়, এ ঘটনায় যদি কারো লাভ হয়ে থাকে সেটি বিএনপি ও খালেদা জিয়ার হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তবে ‘বিডিআর বিদ্রোহের রায়ের আরো তদন্ত হওয়া প্রয়োজন’ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ড. হাছান।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের বিচার হয়েছে। এখন তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া প্রয়োজন।

বিএনপির সম্পৃক্ততার ঘটনা তদন্তের জন্য কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠেন না। অথচ সেদিন তিনি সকাল ৬টার সময় ঘুম থেকে ওঠে সকাল ৭টার মধ্যে ক্যান্টনমেন্টের বাসা থেকে কেন বের হয়েছিলেন?

সেদিন খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাসায় রাত্রীযাপন করলেন না? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সেদিন তারেক জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বহুবার কথা হয়েছিল, যা স্বাভাবিক ছিল না। কী কথা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা শফিকুর বাহার মজুমদার টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, পরিষদের সভাপতি মোহাম্মদ জিন্নাত আলী জিন্নাহ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.