বিধ্বস্ত বিমানে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

0

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

উপদেষ্টা পরিষদের  বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আজ শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষক হলেন মাহরিন চৌধুরী ও মাসুকা বেগম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.