মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুয়ালালামপুরের পুলিশ প্রধান এসিপি জুলকিফলি জানিয়েছেন, রোববার রাত ১১টা ১০ মিনিটে নিলাই থেকে এয়ারপোর্টগামী কর্মীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন বাংলাদেশিসহ ৯ জন কর্মী নিহত হয়। পরে সেরদাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক কর্মীর মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।
জুলকিফলি আরও বলেন, ওই বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। ওই বাসটিতে থাকা ব্যক্তিরা এমএএস কার্গো-র চুক্তিবদ্ধ কর্মী ছিলেন। কী কারণে ওই বাস দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ওই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। ওই ঘটনার পর দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।