'মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘনে ভয়ের কিছু নেই'

0

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সংকটের মধ্যে গত শুক্রবার তিন দফায় মিয়ানমারের হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছিল। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিষয়টিতে ভয়ের কিছু নেই বলে জানান।

শনিবার কুষ্টিয়ায় ঈদের নামাজ পড়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘এতে ভয়ের কিছু নেই। বহির্বিশ্বের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীর আছে। ‘

সীমান্তে রোহিঙ্গা সংকটের মধ্যে শুক্রবার তিন দফায় মিয়ানমারের হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছিল। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায়।

মিয়ানমারের রাখাইন প্রদেশে দমন-পীড়নের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে চাইছে।

দশকের পর দশক ৫ লাখ শরণার্থীর ভার বহনকরে আসা বাংলাদেশ এবার সীমান্তে কড়া নজর রাখলেও এর মধ্যেই অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা ঢুকে পড়েছে।

কক্সবাজার ও বান্দরবানে নাফ নদী পেরিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।

এ ঘটনার পর আকাশসীমা লঙ্ঘনের কারণে মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সামরিক উপস্থিতি জোরদার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়।

বিষয়টি নিয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করা হলে জানানো হয়, এই খবরের কোনো সত্যতা নেই।

চট্টগ্রামে বিমানবাহিনীর একটি নিয়মিত অনুশীলন শুক্রবার ছিল জানিয়ে আইএসপিআর জানায়, ওই কারণে চট্টগ্রামের আকাশে যুদ্ধবিমান মহড়া দিয়েছিল, তা কক্সবাজার কিংবা সীমান্তের দিকে যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.