আজ শুক্রবার ভোর ৫টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মো. শহিদুল ইসলাম (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত শহিদুল ইসলামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুরে। দুর্ঘটনার সময় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন তিনি।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. রানা বলেন, দায়িত্বরত অবস্থায় শহিদুল মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য শহিদুলের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শহিদুলকে চাপা দিয়ে বাস নিয়ে পালিয়েছেন চালক। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।