যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ২

0

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির শার্লোটে উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় (ইউএনসিসি) ক্যাম্পাসে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

ইউএনসিসির পুলিশ প্রধান জেফ বেকার বলেছেন, ওই গুলিবর্ষণের ঘটনায় আরও যে চারজন আহত হয়েছেন তাদের মধ্যে তিন ব্যক্তির অবস্থা গুরুতর এবং অপর একজনের আঘাত প্রাণঘাতী নয়।

বেকার বলেন, যে রুমে ওই বন্দুকধারী গুলি চালিয়েছিল একজন পুলিশ কর্মকর্তা খুব দ্রুত ওই রুমে গিয়ে তাকে নিরস্ত্র করে এবং পুলিশের হেফাজতে নেয়। তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে একটি পিস্তল ছিল।
আটকের সময় ওই বন্দুকধারী কোনও কিছু জানায়নি উল্লেখ করে বেকার আরও বলেন, এই মুহূর্তে এটুকু বলতে পারি যে হামলাকারী আমাদের তালিকায় ছিল না।

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি ভবনে তল্লাশি চালিয়েছে।
এদিকে জর্ডান পিয়ার্স নামের এক শিক্ষার্থীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্রসজ্জিত পুলিশের দল বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকছে এবং ছাত্রছাত্রীরা দ্রুত বের হয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.