রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জরুরি মুহূর্তে ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৫০০ বান্ডিল টিন সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রী হেলিকপ্টারে করে রাঙামাটি এলাকায় আসেন। বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় পাহাড়ধসে রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।
ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।