রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ১২ নভেম্বর: মির্জা ফখরুল

0

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের দিনক্ষণ ফের পিছিয়ে ১২ নভেম্বর করা হয়েছে। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে।

এর আগে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৮ নভেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়ে পরে তা পিছিয়ে ১১ নভেম্বর করেছিল দলটি।

সংবাদ সম্মেলনে ১২ নভেম্বর সমাবেশ করার জন্য সহযোগিতার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা আশা করব, সরকার সমাবেশ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপি প্রতি বছরই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। কিন্তু সরকার এবার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের অজুহাত দেখিয়ে আমাদের সেখানে দোয়া ও মিলাদ মাহফিল করতে দেয়নি।

তিনি আরও বলেন, সরকার গণতান্ত্রিক কর্মসূচি ও নাগরিক অধিকারে যেভাবে বাধা দিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপিকে অনুষ্ঠান করতে দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.