ফেনী সদরের বিরিঞ্চি এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল ওরফে রুটি সোহেল (৩৪) নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ফেনী এ ঘটনা ঘটে। সোহেল ফেনীর বহুল আলোচিত একরাম চেয়ারম্যান হত্যা মামলার আসামি হিসেবে জামিনে ছিলেন।
র্যাব জানায়, ফেনী সদরের বিরিঞ্চি এলাকায় রুটি সোহেলের নেতৃত্বে একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে আজ সোমবার ভোরে র্যাব ৭ এর ফেনীস্থ ক্যাম্প এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় সোহেল আহত হলে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।
সোহেল বিরিঞ্চি এলাকার জাফর আহমদের ছেলে। তার বিরুদ্ধে ফেনীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের প্রায় এক ডজন মামলা রয়েছে। একসময় রুটির দোকানে কাজ করতেন তিনি। তাই স্থানীয়ভাবে তিনি রুটি সোহেল বলে পরিচিত ছিলেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রামের মিরসরাই হলেও গত ৮-১০ বছর ধরে তারা ফেনীর বিরিঞ্চিতে বসবাস করছেন।
র্যাব ৭ এর ফেনীস্থ ক্রাইম প্রিভেনশন কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, সম্প্রতি জামিনে বের হয়ে সোহেল আবার এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।