লন্ডনে আগুনে পোড়া ভবনটি ধসে পড়ার শঙ্কা

0

পশ্চিম লন্ডনে লাটিমার রোডের ২৭ তলা ‘গ্রেনফেল টাওয়ার’ ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আটকে পড়া মানুষসহ ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ব্রিটিশ সময় রাত সোয়া একটার দিকে লাগা আগুনে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
লন্ডন ফায়ার সার্ভিস প্রধানের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি জানাচ্ছে, প্রায় দুইশোর মতো দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ২৭ তলা এ ভবনটিতে অন্তত ১২০টি ফ্লাট রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ পর্যন্ত ভবনটি থেকে অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স বিভাগ। তারা নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে হতাহতের সংখ্যা বা ভবনে কিভাবে আগুন লাগলো তা নিয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভবনের বাসিন্দাদের নিয়ে স্বজনেরা চিন্তিত, অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারা বেঁচে আছে কিনা সে বিষয়ে জানতে চাইছেন অনেকে।
বিবিসির প্রতিবেদক অ্যান্ডি মুর জানাচ্ছেন, পুরো ভবনটি আগুনে জ্বলছে এবং ভবনটি ধসে পড়ারও আশঙ্কা করা হচ্ছে। ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে লন্ডন ফায়ার ব্রিগেড ৪০টি ফায়ার ইঞ্জিন পাঠিয়েছে।
লন্ডন ফায়ার ব্রিগেডের অ্যাসিস্টেন্ট কমিশনার ডেন ডেলি বলছেন ‘পরিস্থিতি ভয়াবহ। এমন জটিল পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা’। অনেক বড় অগ্নিকাণ্ডের ঘটনা এটি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি বলেও জানান তিনি।
এদিকে লন্ডনের মেয়র সাদিক খান এটাকে ‘অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে বর্ণনা করেছেন। আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেয়া হয়েছে। বিবিসি ও রয়টার্স।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.