শায়েস্তা গঞ্জের সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

0

বিজয় কুমার : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করেছে।

মঙ্গলবার ১৩ জুন সকালে শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন রবিদাস উন্নয়ন পরিষদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি দধিয়া রাম রবিদাস। এসময়  বক্তব্য রাখেন, রবিদাস নেতা দিপু রবিদাস,মানিক রবিদাস, রাজকুমার রবিদাস, যদুলাল রবিদাস, স্বপন রবিদাস, সহদেব রবিদাস, মিলন রবিদাস, মন্টু রবিদাস, সূর্যলাল রবিদাস, পূঁজা উৎযাপন পরিষদের নেতা রকি দেব, বাংলাদেশ ছাত্রলীগ যুগ্ম সম্পাদক দীপ,আওয়ামীলীগ নেতা নির্বানেন্দু বর্মন ভাইয়া, জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী) নেতা বজলুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, হবিগঞ্জ জেলার
শায়েস্তাগঞ্জে সুতাং বাজারের সেতুর পশ্চিম পাশে সুখিয়া রবিদাস তাঁর একমাত্র ১২ বছরের ছোট ভাইকে নিয়ে বসবাস করছিলেন। বিভিন্ন সময় সুখিয়াদের বাড়ির জায়গা দখলের জন্য এলাকার একটি প্রভাবশালী মহল তাঁদের উপর নানারকম নির্যাতন করে আসছিল। গত শনিবার সকালে শাইলু মিয়া সুখিয়ার বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে এবং হত্যা করতে উদ্যোত হয়। এসময় সুখিয়া প্রান ভয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শাইলু পিছু ধাওয়া করে প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তার উপর পিটিয়ে হত্যা করে।

উল্লেখ্য বাজারের পাশে আরও তিন-চারটি রবিদাস পরিবার দীর্ঘদিন ধরে বাস করে আসছে। ওই এলাকা থেকে উচ্ছেদ করতে একই এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে নির্যাতন করে আসছে। জায়গা দখল করাই ওই মহলটির মূল উদ্দেশ্য। বক্তারা আরো বলেন, বেশকিছু দিন ধরে দুর্বৃত্তরা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু পরিবারের উপর বিভিন্ন স্থানে ধর্ষন, হত্যা, নির্যাতন, বাড়ি ঘরে অগ্নিসংযোগ করছে। কিন্তু কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় উদ্বেগজনক হারে এসব অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং খুনি শাইলু ও তার সহযোগীদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.