শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ খবর দিয়েছে। গতকাল রোববারের ওই হামলায় পাঁচশজনের বেশি মানুষ আহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি।
এরমধ্যে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।
রোববার সকালে দ্বীপরাষ্ট্রটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিন হোটেলে এ হামলা হয়। পরে আরও দুই স্থানে হামলা হয়।
গতকাল ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।
এদিকে হামলার ঘটনায় কলম্বোর একটি বাড়িতে পুলিশের অভিযানে সাত ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। এসময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত ২৪ জনকে আটকের খবর জানানো হয়েছ।