শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ রোববার সকালে তিনটি গির্জা ও একটি বিলাসবহুল হোটেলে পাঁচটি সিরিজ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
কলম্বো ন্যাশনাল হাসপাতাল জানিয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন এই হামলা চালানো হয়েছে।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেছেন, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ওই সময় ইস্টার সানডের প্রার্থনায় অংশ নিতে গির্জাগুলোয় মানুষজনের উপড়ে পড়া ভিড় ছিল।
খবরে বলা হয়েছে, হামলার শিকার হওয়া গির্জাগুলোর মধ্যে কোটাহেনার কোচচিকাদের সেন্ট অ্যান্থনি চার্চ এবং কাটানার কাটুওয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিয়ান চার্চও ছিল। এ ঘটনায় বহু লোক হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বোর দুটির বিলাসবহুল হোটেল লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, সাধারণত ইস্টার সানডের সময় শ্রীলঙ্কার খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে থাকে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।